Skip to content

Indian Revised Version — Bengali (2019)

যিশাইয় 60

1ওঠো, আলোকিত হও, কারণ তোমার আলো এসে গেছে এবং সদাপ্রভুর মহিমা তোমার উপরে উদিত হয়েছে। 2যদিও অন্ধকার পৃথিবীকে এবং ঘন অন্ধকার জাতিদের ঢেকে ফেলবে, তবুও সদাপ্রভু তোমার উপরে উদিত হবেন ও তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে। 3জাতিরা তোমার আলোর কাছে আসবে এবং রাজারা তোমার উজ্জ্বল আলো যা উদিত হচ্ছে তার কাছে আসবে। 4চারপাশে তাকাও এবং দেখ, তারা সবাই নিজেদের একত্র করেছে এবং তোমার কাছে আসছে৷ তোমার ছেলেরা দূর থেকে আসবে এবং তোমার মেয়েদের কোলে করে আনা হবে। 5তখন তুমি দেখবে ও আনন্দে উজ্জ্বল হবে এবং তোমাদের হৃদয় আনন্দ করবে এবং আনন্দে পূর্ণ হবে; কারণ সমুদ্রের ধনসম্পদ তোমার কাছে ঢেলে দেওয়া হবে, জাতিদের ধনসম্পদ তোমার কাছে আসবে। 6মরুযাত্রীদের উট তোমাকে আবৃত করবে, মিদিয়ন ও ঐফার দ্রুতগামী উটেরা। তারা সোনা ও সুগন্ধি ধূপ নিয়ে শিবা দেশ থেকে আসবে এবং সদাপ্রভুর প্রশংসা গান গাইবে। 7কেদরের সমস্ত ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে, নবায়োতের ভেড়া তোমাদের প্রয়োজন মেটাবে; তারা আমার বেদির উপরে গ্রহণযোগ্য উৎসর্গ হবে এবং আমি আমার গৌরবময় গৃহকে মহিমান্বিত করব। 8এরা কারা মেঘের মত উড়ে আসছে এবং পায়রার মত নিজের নিজের বাসার দিকে যাচ্ছে? 9সমস্ত উপকূল আমার জন্য তাকিয়ে থাকে ও দূর থেকে তোমার ছেলেদের ফিরিয়ে আনার জন্য তর্শীশের জাহাজগুলো পাঠানো হয়েছে এবং তাদের সোনা ও রূপা তাদের সঙ্গে আছে; তোমার ঈশ্বর সদাপ্রভুর নামে এবং ইস্রায়েলের সেই পবিত্র ঈশ্বরের জন্যই, কারণ তিনি তোমাকে সম্মানিত করেছেন। 10বিদেশীরা পুনরায় তোমার দেয়াল গাঁথবে এবং তাদের রাজারা তোমার সেবা করবে। যদিও আমার ক্রোধে আমি তোমাকে শাস্তি দিয়েছি, তবুও আমার দয়ায় আমি তোমাকে করুণা করব। 11তোমার ফটকগুলোও সব দিন খোলা থাকবে, দিনের ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে না, যাতে জাতিদের ধনসম্পদ তোমার কাছে আনা হয়; তাদের রাজাদেরও নিয়ে আসা হবে। 12প্রকৃত পক্ষে, যে সমস্ত জাতি বা রাজ্য তোমার সেবা করবে না তারা ধ্বংস হবে, সেই সমস্ত জাতিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। 13লিবানোনের গৌরব তোমার কাছে আসবে; আমার পবিত্র জায়গা সাজানোর জন্য একসঙ্গে, বেরস, ঝাউ ও তাশূর গাছ আসবে; আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব। 14তোমাকে যারা অত্যাচার করত তাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে; যারা তোমাকে তুচ্ছ করত তারা তোমার পায়ের কাছে নত হয়ে প্রণাম করবে আর তারা তোমাকে সদাপ্রভুর শহর, ইস্রায়েলের সেই পবিত্রজনের সিয়োন বলে ডাকবে। 15যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল, কেউ তোমার মধ্যে দিয়ে যেত না, তবুও আমি তোমাকে চিরদিনের র জন্য গর্বের পাত্র করব এবং এক বংশ থেকে আর এক বংশের কাছে আনন্দের বিষয় করব। 16তোমরা জাতিদের দুধ পান করবে এবং রাজাদেরও দুধ পান করবে; তখন তুমি জানবে যে, আমি সদাপ্রভুই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী জন। 17আমি ব্রোঞ্জের বদলে সোনা আনব এবং লোহার বদলে রূপা আনব; কাঠের বদলে ব্রোঞ্জ আর পাথরের বদলে লোহা। আমি শান্তিকে তোমার শাসনকর্ত্তা করব আর সততাকে তোমার নেতা করব। 18কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না, তোমার সীমানার মধ্যে শোনা যাবে না কোন ধ্বংস বা বিনাশের কথা; কিন্তু তুমি তোমার দেয়ালগুলোকে উদ্ধার আর তোমার ফটকগুলোকে প্রশংসা বলে ডাকবে। 19দিনের র বেলা সূর্য্যের আলো তোমাদের আর দরকার হবে না, চাঁদের উজ্জ্বলতাও আর তোমাদের প্রয়োজনে হবে না, কারণ সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো এবং তোমার ঈশ্বরই হবেন তোমার মহিমা। 20তোমার সূর্য্য আর কখনও অস্ত যাবে না, তোমার চাঁদও আর ডুবে যাবে না বা অদৃশ্যও হবে না। সদাপ্রভুই তোমার চিরস্থায়ী আলো হবেন; তোমার শোকের দিন শেষ হবে। 21তোমার সমস্ত লোকেরা ধার্মিক হবে; তারা চিরদিনের র জন্য দেশ অধিকার দখল করবে। তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ; যেন আমি তাদের মধ্যে মহিমান্বিত হই। 22তোমাদের মধ্য যে সব থেকে ছোট সে হাজার জন হবে এবং যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে। আমি সদাপ্রভু; যখন দিন আসবে তখন আমি তা তাড়াতাড়িই সম্পন্ন করব।

Keep going

Indian Revised Version — Bengali (2019). Indian Revised Version (Bengali), Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0, via eBible.org. Inline cross-reference notes removed..

Books

✦ Explain this verse with AI AI explanations, Bible Q&A, characters, maps and more — in the Truth of Bible app →

Reading settings

Theme
Text size
100%
Layout

Loading the Bibles…

Your choice is remembered on this device and used for reading, search and the verse screen.